দেশের আইওটি ও রোবাটিকস শিল্পে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
শতাধিক মার্কিন ব্যবসায়ী-বিনিয়োগকারী এবং নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীদের সামনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবাটিকস সহ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির।
মঙ্গলবার (৩০ মার্চ) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক ওয়েবিনারে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।
ওই অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগবান্ধক পরিবেশের একটি চিত্র তুলে ধরে সম্ভাব্য মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে চলতি বছরের বাংলাদেশে আয়োজিত হতে চলা বিডার বিনিয়োগ সম্মেলনে আসতে তাদের আমন্ত্রণ জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশের স্মার্ট গভর্নেন্স, মানব সম্পদ, উদ্ভাবনী ব্যবসায়ী উদ্যোগ ও সবুজ জ্বালানি নিশ্চিত করার উপর গুরুত্ব দেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের জন্য যা কিছু বেস্ট প্রাকটিস সেগুলো বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা বলেন তারা। তবে এ জন্য দুর্নীতির ক্ষেত্র জিরো টলারেন্স চান।
যুক্তরাষ্ট্র থেকে আলোচনায় অংশ নেন স্ট্রাটেজিক এক্সিকিউটিভ সার্চ গ্রুপ'র চেয়ারম্যান ও কোমাস্টারমাইন্ড ও ভোরটেক্স গ্লোবাল এর কো-ফাউন্ডার ক্রিস ট্রব, এক্সপোটেনশিয়াল সাসটেইনেবেলিটি স্ট্রাটেজিস্ট এর ফাউন্ডার জাবিন কাদির, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বাংলাদেশ-ইন্ডিয়া-নেপাল-শ্রিলংকা বিষয়ক পরিচালক জেনিফার লারসন, নিউইয়র্ক ও নিউজার্সি মাইনরিটি ডেভেলপমেন্ট সাপ্লায়ার কাউন্সিলের সিইও টেরেন্স ক্লার্ক, ইউএস-চায়না পার্টনার্স'র চেয়ারম্যান স্যাভিও চ্যান, গ্লোবাল ট্রেড টেকনোলজি সেন্টার'র চেয়ারম্যান মাইলেস এম ম্যাথিউ, ওপেন এক্সো'র চেয়ারম্যান ও কো-ফাউন্ডার সেলিম ইসমাইল, নিউইয়র্ক স্টেট'র বিজনেজ ইনকিউবেটর অ্যাসোসিয়েশেনর মার্ক অ্যালেসি, গ্লোবাল বিজনেস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট'র ডেভিড সি ট্রব, বিজনেস এক্সিকিউটিভ স্টেভেন রোকেফেলার থার্ড, পিএসইজি এনার্জি রিসোর্সেস এর প্রেসিডেন্ট শহিদ মালিক, এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এশিয়ান এমবিএ'র নির্বাহী পরিচালক মার্ক জোলার।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আজিজ আহমদের যৌথ সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রতিনিধি জেনিফার লারসেন, মার্কিন ব্যবসায়ী ও রফেলার ফাউন্ডেশনের এর প্রতিনিধি স্টিভ রকফেলার, স্ট্রাটেজিক এক্সিকিউটিভ সার্চ গ্রুপের চেয়ারম্যান ক্রিস ট্রব, ওপেনএক্সোর চেয়ারম্যান সেলিম ইসমাইল, ইউএস-চায়না পার্টনার্সের চেয়ারম্যান সাভিও চ্যানসহ আরও অনেকে।